সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত (ছয় দিন) স্থগিত ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, সড়ক অবরোধ প্রত্য্যাহার করা হয় জেলা প্রশাসনের সাজেক ভ্রমনে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক গণ বিজ্ঞপ্তিতে সাজেকে পর্যটন ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির বিশেষ অনুরোধে এবং উৎসবের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন সড়কের সব ধরনের অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে।
সংগঠন দুটির নেতারা জানান, তাঁদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে নয়, কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও নয়। সাজেকবাসীর জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচি আহ্বান করা হয়েছিল।
নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দেন, পূজার ছুটির পর প্রশাসন যদি সাজেকবাসীর যৌক্তিক দাবিগুলো পূরণ না করে, তবে দুর্গাপূজা শেষে পুনরায় এই অবরোধ কর্মসূচি শুরু করা হবে।
একই সঙ্গে কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সাজেকবাসী ও দুই সংগঠনের উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়ন করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.