রাঙামাটির ৫নং বন্দুক ভাঙ্গা ইউনিয়নের যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে দুদিন ব্যাপী ৪৩তম কঠিন চীবন দানোৎসব মঙ্গলবার শেষ হয়েছে।
ভাবনা কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এছাড়া ধর্ম দেশনা দেন বনভান্তের অমৃতবাণীর উদ্ধৃতি দিয়ে ধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারের জৈষ্ঠ্য ভিক্ষু ভদন্ত শ্রীমৎ সত্য প্রেম মহাস্থবির, দীঘিনালা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ শুভ বর্ধন মহাস্থবির ভিক্ষু ধুতাঙ্গটিলা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ দেবধাম্মা মহাস্থবির ভিক্ষু, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কল্যাণ জ্যোতি মহাস্হবির। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, হাজার বাতি দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান করা হয়। এর আগে ২৪ ঘন্টার মধ্য তৈরী করা কঠিন চীবর ও কল্পতরু নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে উপস্থিত ভিক্ষু সংঘের কাছে কঠিন চীবর হস্তান্তর করা হয়। সোমবার বিকালে উপস্হিত পূর্নাথীরা তুলা থেকে সুতা, রঙকরণ শুরু করে কাপড় প্রস্তুত করে কঠিন চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত) তৈরী করেন। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বর্ষা চাকমা ও জীন মোহন চাকমা।
রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা, বরকল ও লংগদু তিন উপজেলা সীমান্তবর্তীর ঐতিহাসিক বিহার যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র। যার কারণে অন্যান্য বছরের ন্যায় এবারের কঠিন চীবর দান অনুষ্ঠানে হাজারো পূণ্যার্থী ঢল ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পূণ্যার্থীদের অংশগ্রহণ ও ভক্তি শ্রদ্ধায় মূখর হয়ে উঠে পুরো বিহার প্রাঙ্গণ।
ধর্ম দেশনায় প্রধান ধর্মালোচক নন্দপাল মহাস্থবির বলেন, এমএন লারমা যদি বেঁচে থাকতেন তাহলে জুম্ম জাতির জন্য অনেক কিছু করে যেতেন। তিনি জুম্ম জাতির বাক স্বাধীনতা ও সম্মৃদ্ধির জন্য লড়াই করে গেছেন। কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়নি। ভুল রাজনীতির দ্বন্দ্বে ১০ নভেম্বর তিনি নিহত হন। অন্যদিকে বনভান্তেও জুম্ম জাতিকে ধর্মের পথ দেখিয়েছেন। এ দুইজন মানুষ যদি না জন্মাতেন তাহলে বাংলাদেশে বৌদ্ধদের অস্তিত্ব থাকতো না। একটা জাতির এ ধরনের নেতার প্রয়োজন। বনভান্তে ও এমএন লারমা দুইজনেই জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.