• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    
 
ads

রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2026   Wednesday

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ভৌগোলিক প্রতিবন্ধকতা, যোগাযোগের সীমাবদ্ধতা এবং আর্থসামাজিক বাস্তবতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করা এখনো একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধ, পুষ্টিগত অবস্থার উন্নয়ন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রয়োজনীয়তা অপরিসীম।

বুধবার(২৫ নভেম্বর)  অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইভসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রকল্পে (এইউএলএসএম-সিএইচটিবিডি)" প্রকল্পের সমাপনী সভায়  বক্তারা এসব কথা বলেন। হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচকেআই) এর সহযোগিতায় এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের  এ প্রকল্প বাস্তবায়ন করেছে।  

শহরের রাঙামাটির কেকে রায় রোডস্থ আশিকা কনভেনশন পার্কে আয়োজিত সভায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উপনির্বাহী পরিচালক কক্সি তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিল বরণ চাকমা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নুয়ান খীসা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উষা মগ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা মো. মাহবুব হাসান ও মো. নাজমুল হুদা। 

প্রকল্পের সমন্বয়কারী হিলোল চাকমা প্রকল্পের সফলতা উপস্থাপন করে। তিনি বলেন,প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় মোট ৩৯ হাজার ৯৭ জন পাঁচ বছরের কম বয়সী শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে অপুষ্টিতে আক্রান্ত ও অপুষ্টির ঝুঁকিতে থাকা শিশুদের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পুষ্টি সহায়তা, নিয়মিত পর্যবেক্ষণ, অভিভাবকদের পুষ্টিবিষয়ক পরামর্শ এবং সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলার পুষ্টি কার্যক্রমের আওতায় পরিচালিত স্ক্রিনিংয়ের মাধ্যমে ৬০৩ জন মারাত্মক তীব্র অপুষ্টিতে ( এএএম) আক্রান্ত এবং ২,৯০৩ জন মাঝারি তীব্র অপুষ্টিতে (এমএএম) আক্রান্ত শিশুকে শনাক্ত করা হয়েছে। শনাক্তকৃত এএএম আক্রান্ত প্রতিটি শিশুর পরিবারকে তিন মাসের জন্য মোট ২,৫৫০ টাকা এবং এমএএম আক্রান্ত প্রতিটি শিশুর পরিবারকে দুই মাসের জন্য মোট ১,৮৩৫ টাকা করে খাদ্য ঝুড়ি সহায়তাপ্রদান করা হয়েছে। এই সহায়তার মূল উদ্দেশ্য ছিল অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের সংস্থান নিশ্চিত করা, পরিবারের খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং শিশুদের পুষ্টিগত অবস্থার উন্নয়নে সহায়তা করা। পাশাপাশি নিয়মিত বাড়ি পরিদর্শন, পুষ্টিবিষয়ক পরামর্শ, শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রে রেফারেলের মাধ্যমে শিশুদের সুস্থতার অগ্রগতি অনুসরণ করা হয়েছে।

তিনি আরো জানান, বিশেষ করে মারাত্মক তীব্র অপুষ্টি (এএএম) ও মাঝারি তীব্র অপুষ্টি (এমএএম) আক্রান্ত শিশুদের শনাক্তকরণ, চিকিৎসাসেবায় রেফারেল, ফলোআপ এবং পুষ্টিগত অবস্থার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত খাদ্য ঝুড়ি সহায়তা, মায়েদের পুষ্টি ও শিশুর যত্নবিষয়ক পরামর্শ এবং নিয়মিত বাড়ি পরিদর্শনের মাধ্যমে শিশুদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে সহায়তা করা হয়েছে।

পাশাপাশি মা ও পরিবারের সদস্যদের মধ্যে শিশুর বয়স অনুযায়ী সঠিক ও বৈচিত্র্যময় খাবার খাওয়ানো, বুকের দুধ পান, পরিপূরক খাবার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পুষ্টিকর খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ ও রান্না প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে কমিউনিটি নিউট্রিশন প্রমোটারদের সম্পৃক্ত করে নিয়মিত পুষ্টি পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শিশুদের অপুষ্টির অন্যতম অন্তর্নিহিত কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলায় প্রকল্পের আওতায় ৪০০টি প্রান্তিক পরিবারকে আয়বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে পরিবারগুলোকে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারের শিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা করা হয়েছে। জীবিকায়ন কার্যক্রমের মাধ্যমে পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি এবং প্রকল্প-পরবর্তী সময়েও আয়বর্ধনমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রকল্পের আওতায় ৪০০টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং ২০টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পানি ও স্যানিটেশন ব্যবস্থার সঠিক ব্যবহার, পরিচর্যা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ শুধু পুষ্টি সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, খাদ্যনিরাপত্তা, পরিবারের আর্থিক সক্ষমতা এবং সচেতনতার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই প্রকল্পের অর্জনগুলো ধরে রাখতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব বজায় রাখা প্রয়োজন। সভায় প্রকল্পের অর্জন, বাস্তবায়নকালীন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিশুদের নিয়মিত পুষ্টি পরীক্ষা, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের শনাক্তকরণ ও ফলোআপ, পুষ্টিবিষয়ক সচেতনতা, জীবিকায়ন কার্যক্রম এবং স্থাপিত পানি ও স্যানিটেশন ব্যবস্থার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. নুয়ান খীসা বলেন, পার্বত্য অঞ্চলের প্রান্তিক ও দুর্গম জনগোষ্ঠীর জন্য এ ধরনের সমন্বিত পুষ্টি, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশনভিত্তিক প্রকল্প বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও পুষ্টিগত অবস্থার উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া; এটি স্বল্পমেয়াদি কোনো কার্যক্রমের মাধ্যমে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব নয়। তাই এ ধরনের প্রকল্প দীর্ঘমেয়াদে অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন,পুষ্টি উন্নয়ন বাংলাদেশের সরকারের জাতীয় অগ্রাধিকার ও পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জনগুলো সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ