পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী

Published: 26 Nov 2026   Thursday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার তার দায় বিগত সরকারের বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি। তিনি বলেন, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর যে সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেই সরকারই পরবর্তী দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল। কিন্তু ক্ষমতায় থেকেও সেই সময়ে কেন চুক্তির বাকি বিষয়গুলো বাস্তবায়ন করেনি? তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তারপরও পার্বত্য চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। চুক্তির অবশিষ্ট শর্তাবলি বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক।

বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন সরকারী দপ্তর প্রধান ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এসময় পুলিশ সুপার আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীনজনরা উপস্থিত ছিলেন।
পার্বত্যমন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন বিকাশে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যেখানে পাহাড়ের সাথে সাগরের সম্মিলন ঘটনো হবে। পর্যটকরা যাতে ভ্রমণে এসে ৪ থেকে ৫ দিন পার্বত্যাঞ্চলসহ আশপাশের জেলাগুলোতে সময় কাটাতে পারেন।
তিনি বলেন, পাহাড়ে পানিসংকট নিরসনে প্রথাগত জ্ঞানকে কাজে লাগিয়ে বনাঞ্চল সৃষ্টি এবং পাথর উত্তোলন বন্ধ করা হবে। কারণ পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। প্রাকৃতিক উৎসের উপরেই পাহাড়ী মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তাই পানির সংকট মোকাবিলায় বনভূমি পুনরুদ্ধারে স্থানীয় ও ঐতিহ্যগত জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি পাহাড়ের সকল ঝিরি,ঝর্ণা চিহিৃত করে নিরাপদ পানির উৎস সংরক্ষণের ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বিভিন্ন কারনে রাঙামাটি সফরে আসতে দেরী হওয়ায় তার দুঃখ প্রকাশ করে বলেন, বাজার ফান্ডের জটিলতা নিরসনে ভূমি মন্ত্রনালয়ের সাথে কথা বলে তা নিরসন করা হবে। পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রণি পর্যন্ত ‎লেখাপড়া উন্নতি করা হলে পড়াশুনার মান আরো বাড়বে। প্রাথমিক,উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ে খেলাধুলার মান বাড়াতে হবে। খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। রাস্তা ঘাট ও সোলার সিষ্টেম ব্যবহারে নিয়ম-কানুন মেনে তা স্থাপন করতে হবে। তাছাড়া আন্তঃ মহাসড়ক নির্মাণে কাজ করছে সরকার। সকল দপ্তর গুলো একত্রিত করে স্ব স্ব মন্ত্রনালয়গুলোর ‎সাথে কথা বলে তিন জেলায় উন্নয়ন ঘটানো হবে।
‎রাঙামাটির জেলার যোগাযোগ ব্যস্থা ভালো না উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদের ‎নব্যতা ফেরাতে হ্রদে ড্রেজিং করা হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে রাস্তা ঘাটের উন্নয়ন করতে হবে। পর্যটন নিয়ে মাষ্টার প্ল্যান করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পার্বত্য চট্টগ্রামের প্রতি আলাদা নজর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎দীপেন দেওয়ান এমপি তার বক্তব্যে বলেন, রাঙামাটির বাজার ফান্ডের জটিলতা নিরসনে তিনি করছেন। এ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক সংকট রয়েছে তা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি সাজেক অবরোধ প্রসঙ্গে বলেন, সাজেকে সেখানে দুটি গ্রুপ রয়েছে। তারা কোন কথায় মানছে না। তাই সংকট নিরসনে দীর্ঘ সময় লাগছে। তবে সরকার এ সংকট নিরসনে আন্তরিক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
‎
‎

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত