পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই

Published: 18 Nov 2026   Wednesday   

আজীবন সংগ্রামী নারী,লেখক ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ( সন্তু লারমা) বড় বোন জ্যোতি প্রভা লারমা (মিনু) আর আমাদের মাঝে নেই।  তিনি বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯২ বৎসর। এই মহীয়সী সংগ্রামী নারী, লেখক এবং পাহাড়ি নারী সমাজ জাগরণের অন্যতম অগ্রদূতের মৃত্যতে পাহাড়ে শোকের ছায়া নেমে এসেছে। 
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) বড় বোন জ্যোতি প্রভা লারমা দীর্ঘ দিন ধরে নানান বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।  গত ১৫ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার সকাল সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তার মরদেহ রাঙামাটিতে নিয়ে আসার পর খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে শেষ বিদায় জানানো হবে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। জ্যোতি প্রভা লারমারা চার ভাইবোনদের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তাঁর তিন ছোট ভাই হলেন শুভেন্দু প্রভাস লারমা (বুলু), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা-এমএন লারমা (মঞ্জু), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।   
জ্যোতি প্রভা লারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতিরও দায়িত্ব পালন করেছিলেন।  তিনি রাজনীতিবিদ ছাড়াও লেখকও ছিলেন।তিনি পার্বত্য চট্টগ্রামের রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তার একাধিক  পুস্তক প্রকাশিত হয়েছে।
এদিকে, তাঁর মৃত্যূতে পাহাড়ে শোকের ছায়া নেমে এসেছে।  জেএসএস, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখা, এমএন লামরা মেমোরিয়্যাল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
চট্টগ্রাম থেকে তাঁর মরদেহ রাঙামাটিতে আনার খাগড়াছড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সাধারন সম্পাদক ইন্টুমনি তালুকদার। 
জেএসএসের কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা বলেন,  বার্ধক্যজনিত রােগের কারণে তাঁকে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে  ভর্তির করা হয়। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত