কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি

Published: 16 Nov 2026   Monday   

আন্তর্জাতিক মানের প্রতিভাবান সাঁতারু তৈরির লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থার ১০ জন পুরুষ ও ১০ জন নারী সাঁতারু অংশ নেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই উপজেলার মগবান টিলা থেকে শহীদ মিনার ঘাট পর্ষন্ত দীর্ঘ পুরুষদের দশ কিলোমিটার ও নারীদের আট কিলোমিটার এই সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে শহীদ শুক্কর ষ্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী সাঁতারুদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার বিতরণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেন। কাপ্তাই উপজেলার মগবান টিলা থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ঘাঁট এলাকা পর্ষন্ত পুরুষ বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২ ঘণ্টা ৩ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। অন্যদিকে, নারী বিভাগেও আধিপত্য দেখান সেনাবাহিনীর সাঁতারুরা। এতে প্রথম স্থান অর্জন করেন সেনাবাহিনীর মুক্তি খাতুন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি খাতুন। এছাড়াও, সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো দক্ষ সাঁতারু গড়ে তুলতে নিরলস চেষ্টা চালানো হচ্ছে। কাপ্তাই হ্রদের মনোরম পরিবেশে সাঁতারুদের এই অংশগ্রহণ সবাইকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
পার্বত্যাঞ্চলের ক্রীড়া ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, `ক্রীড়াঙ্গনে পার্বত্যাঞ্চলের এই সফলতার ধারা অব্যাহত রাখতে হবে। আমরা আশা করছি, আগামী দিনে রাঙামাটি তথা পার্বত্যাঞ্চল থেকে নতুন নতুন প্রতিভাবান সাঁতারু উঠে আসবে। সবার সম্মিলিত অংশগ্রহণে সাঁতারসহ দেশের সব খেলাধুলাকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।`
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের সুপ্ত সাঁতার প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পথ সুগম হবে। বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত রাখবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত