রোববার (১৯ জুলাই) বিলাইছড়িতে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে সম্প্রতি রাঙামাটির বিলাইছড়ি, বাঘাইছড়ি ও খাগড়াছড়িতে মহালছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের ওপর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সভায় বিলাইছড়ি ইউএনও`র প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান , ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম। এ সময় প্রকল্পের উপজেলা ফোকাল পার্সন রবিন চন্দ্র চাকমা`র সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন আশিকা`র এইচআর এন্ড এ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল পার্সন ঝুমালিয়া চাকমা। এছাড়াও প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চঙ্গ্যাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় বলা হয়,বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে মোট ৬ শত, বাঘাইছড়িতে ৭ শত এবং মহালছড়িতে ২ শত পরিবারসহ মোট ১ হাজার ৫ শত ক্ষতিগ্রস্থ পরিবার এই ত্রাণ সহায়তা পাবে। তারা আরও জানান, ত্রাণ সহায়তার মধ্যে খাদ্য সহায়তা প্যাকেজ ও স্বাস্থ্যবিধি সামগ্রী কীট পাবেন ১৫০০ পরিবার, সুরক্ষা সামগ্রী পাবেন ১৫০০ জন নারী, শেল্টার সামগ্রী পাবেন ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবার এবং শিক্ষা উপকরণ পাবেন ১৫০ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্ত্ক বাস্তবায়নাধীন রাঙামাটি`র এবং খাগড়াছড়ি`র বিলাইছড়ি, বাঘাইছড়ি ও মহালছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম ( এএলএফআরটি বি ০৭৫) প্রকল্প বাস্তবায়ন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.