টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক

Published: 08 Jul 2026   Wednesday   

অতি বর্ষনে দীঘিনালা-সাজেক -বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে যাওয়ায় মেঘের রাজ্য খ্যাত সাজেক পর্যটন কেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছেন। গেল সোমবার ও মঙ্গলবারে এসব পর্যটকরা সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান।   
জানা যায়, গেল তিন দিন ধরে টানা ভারী বর্ষনের কারণে দীঘিনালা-সাজেক-বাঘাইহাট সড়কে মঙ্গলবার রাতে মাচালং এলাকায় সেতু ও সড়কের দুইটি অংশ পানিতে তলিয়ে যায়। অন্যদিকে দীঘিনালা-সাজেক সড়কে বুধবার সকাল ৬টার দিকে পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সাথে বাঘাইহাাট ও দীঘিনালা সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালী পর্যটক কেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছেন। 
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ জানান, সাজেকে সড়কের বাঘাইহাট মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায়  সাজেক পর্যটন কেন্দ্রে ৫০০ থেকে ৬০০ পর্যটক আটকে পড়েছেন। আটকে পরা পর্যটকরা সবাই সাজেক ভ্যালীতে অবস্থান করছেন। তিনি আরো জানান, বৃষ্টিপাত যদি না কমে এবং সড়ক থেকে পানি নেমে না গেলে তারা যেতে পারবেন না। আটকে পরা পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেওয়া হবে না। তারা শুধু পানির খরচটা দিয়ে থাকতে পারবেন।
বাঘাইছড়ি ইউএনও আমেনা মারজান বলেন, বাঘাইহাট-সাজেক সড়কের মাচলং বাজারে পানি উঠায় সাজেক পর্যটন কেন্দ্রে প্রায় ৬শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পানি কমে গেলে পর্যটকরা চলে যেতে পারবেন। পর্যটকদের যাতে কোন প্রকার অসুবিধা না হয় সে ব্যাপারে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাথে বিস্তারিত কথা হয়েছে।   প্রশাসন থেকে সার্বক্ষনিকভাবে তদারকি করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত